‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ১১ জন

সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য এবার পাঁচটি ক্যাটাগরিতে ১১ জনকে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাদের হাতে সম্মাননা তুলে দেন। এসময় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত ১১ জনের প্রত্যেককে ১ লাখ টাকা এবং সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

এ বছর যুব উন্নয়ন ও কর্মসংস্থানে অসামান্য অসাধারণ অবদান রাখায় প্রথম ক্যাটাগরিতে মাসুদ আলম ও কামরুন্নাহার লিপি এ পুরস্কার পেয়েছেন। শিক্ষাবিজ্ঞান তথ্য-প্রযুক্তি ও কারিগরির ক্ষেত্রে অবদানের জন্য জাগো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক করভি রাকসান্দ ধ্রুব ও পেন ফাউন্ডেশনের পরিচালক মেঘনা খাতুনকে পুরস্কার দেওয়া হয়। 

দেশপ্রেম বীরত্ব ও সাহসীকতার ক্ষেত্রে অসাধারণ অবদান রাখায় এনকেএম মুন্না তালুকদার ও রাজু আহমেদ পুরস্কার পান। জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা ও সমাজ কল্যাণে অসাধারণ অবদান রাখার জন্য চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার বৃদ্ধাশ্রমের (কল্যাণপুর) প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার এবং মোহাম্মাদ কাস্মিরুল হক (কাসমির রেজা) এই সম্মাননা পান।