কার মাথায় উঠছে এশিয়া শ্রেষ্ঠত্বের মুকুট?

এশিয়া কাপের ১৫তম আসরের পর্দা নামছে আজ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামছে দুই পরাশক্তি পাকিস্তান ও শ্রীলংকা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।  ফাইনালের ড্রেস রিহার্সেলে অবশ্য পাকিস্তানকে হারিয়ে একটি বার্তা দিয়ে রেখেছে লংকানরা। শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে ১৮ বল হাতে রেখে ৫ উইকেটের বড় ব্যবধানে হারায় দাসুন শানাকার দল।

এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল খেলবে পাকিস্তান- এটা অনেকেরই ধারণা ছিল; কিন্তু শ্রীলংকা যে তাদের সঙ্গী হবে, কদিন আগে বললে কেউই সেই বাজি ধরতে রাজি হতেন না। দলটির সাম্প্রতিক পারফরম্যান্স যে একেবারেই ভালো ছিল না। কিন্তু এশিয়া কাপে এসে ভোজবাজির মত সব উল্টে গেলো। ভারতের মত শক্তিশালী দলকে ছিটকে দিয়ে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলছে শ্রীলংকাই।

শুধু টুর্নামেন্টের আগে নয়। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেও বড়সড় ধাক্কা খেয়েছিল শ্রীলংকা। আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে ১০.১ ওভারে হেরে গিয়েছিল লংকানরা। সেই শ্রীলংকা গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের করা ১৮৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয়ের বন্দরে পৌঁছে যায়। এরপর সুপার ফোরে এসে তো রীতিমত বিধ্বংসী হয়ে উঠে শানাকার দল।

সুপার ফোরে শেষ ম্যাচে যদিও হেরেছে বাবর আজমের দল। কিন্তু পাকিস্তান বলে কথা! যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়ানোর অতীত আছে তাদের। দেখা যাক, শেষ পর্যন্ত দুই পরাশক্তির লড়াইয়ে কে হাসে শেষ হাসি, কাদের মাথায় উঠে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট।