অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের দৈনিক দ্য ডনের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে দ্রুত জরুরি অবতরণ করে বিমানটি। তবে ইমরান কিংবা বিমানে থাকা কোনও যাত্রীরই কোনও ক্ষতি হয়নি।
সংবাদমাধ্যমের দাবি, শনিবার গুজরানওয়ালায় যাওয়ার জন্য একটি বিশেষ বিমানে উঠেছিলেন ইমরান। কিন্তু বিমান যখন মাঝ আকাশে, আচমকাই দেখা যায় বিভ্রাট। যান্ত্রিক গোলযোগের দেখা পেতেই সেটিকে ফিরিয়ে আনা হয় ইসলামাবাদে। নিরাপদে অবতরণও করে সেটি।
কিন্তু এক পিটিআই নেতা টুইটারে জানিয়েছেন, বিমানে যান্ত্রিক ত্রুটির যে কারণের কথা বলা হচ্ছে. তা সঠিক নয়। তার দাবি, খারাপ আবহাওয়ার কারণেই উড়ানের কিছুক্ষণ পরেই বিমানটিকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরে সড়কপথে ইমরান গুজরানওয়ালায় গিয়েছেন বলে জানিয়েছেন ওই নেতা।
কয়েক দিন আগেই ইমরানের কনভয়ের একটি গাড়িতে আগুন লেগে গিয়েছিল। তবে কারও কোনও ক্ষতি হয়নি। এর আগে গত জুনে ইমরানকে হত্যার চক্রান্ত হচ্ছে বলে শোনা গিয়েছিল। পিটিআই নেতা ফায়াজ চৌহান নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছিলেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে তথ্য আছে তার কাছে।
এরই মধ্যে ইমরানকে হত্যার উদ্দেশ্যে ‘কোচি’ নামে আফগানিস্তানের এক আততায়ীকে ভাড়া করা হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। সেই দাবির সত্যতা স্বীকার করে খাইবার পাখতুনখাওয়ার সন্ত্রাস দমন বিভাগ। তারা জানায়, ইমরান খানের জীবননাশের জন্য আফগানিস্তানের এক ভাড়াটে খুনিকে নিয়োগ দেওয়া হচ্ছে এই খবর তারাও জানতে পেরেছেন।
তারও আগে এক রাজনৈতিক সমাবেশে ইমরান নিজেই তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন। এবিষয়ে তার কাছে কিছু ভিডিও ফুটেজ আছে বলেও দাবি করেছিলেন। যদিও সেই প্রমাণ প্রকাশ্যে আনেননি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী। এবার চাঞ্চল্য ছড়াল ইমরানের বিমানের জরুরি অবতরণকে ঘিরে।