ইভিএম শান্তিপূর্ণ কারচুপির মেশিন : জিএম কাদের

ইভিএম শান্তিপূর্ণ কারচুপির মেশিন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। 

তিনি বলেন, ‘সরকার নিজের ওপর আস্থা হারিয়ে স্বাভাবিক নির্বাচন চায় না। সরকার ও তাদের কিছু মিত্র ছাড়া আর সব দলই নির্বাচনে ইভিএম চায় না। কিন্তু নির্বাচন কমিশন হঠাৎ করেই ইভিএমে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।’

রবিবার বিকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। 

জিএম কাদের বলেন, ‘নির্বাচন কমিশন বলেছে, সব দল চাইলে ব্যালটে নির্বাচন হবে। আসলে নির্বাচন কমিশনের বলা উচিৎ ছিল সবাই চাইলে ইভিএমে নির্বাচন করা হবে। কারন, ব্যালট পেপারে নির্বাচন বিদ্যমান এবং সবার কাছে গ্রহণযোগ্য। নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করবে। তবে উদ্যেশ্য ভালো না হলে কোনো কিছুই ভালো হবে না। নির্বাচন কমিশনের সৎ উদ্দেশ্যে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, দেশের মানুষ ভালো নেই। অর্থনৈতিক সমস্যায় সিমাহীন কষ্টে আছে সাধারণ মানুষ। বিশ্ব বাজারে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম কমতে শুরু করেছে। আমাদের দেশেও জ্বালানি তেলের দাম কমানো উচিৎ। আবার জ্বালানি তেলের দাম বাড়ার কারণে যেসব পণ্যের দাম বেড়েছে সেগুলো যেন কমানো হয় সে জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। 

জাতীয় মেডিকেল টেকনোলোজিস্ট পরিষদের আহ্বায়ক ইকরাম হোসেন বাবুর সভাতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শফি, মো. জসীম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।