ভারতের আর্থিক খাতের সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্মকর্তারা কলকাতার এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৭ কোটি ৩২ লাখ রুপি উদ্ধার করেছেন। গত শনিবার কলকাতার একাধিক এলাকায় প্রায় ১৪ ঘণ্টার অভিযান শেষে কলকাতার গার্ডেনরিচে ব্যবসায়ী আমির খান নামে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল এ নগদ অর্থ উদ্ধার করা হয়।
ইডি বলছে, ‘ই-নাগেটস’ নামে মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে আমির খানসহ আরও কয়েকজনের বিরুদ্ধে। সে অভিযোগেই কলকাতার গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে আমিরের বাড়ি, পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকা, নিউটাউনে তার অফিসসহ ছয় জায়গায় একযোগে অভিযান চালিয়ে আরও কয়েক কোটি রুপি উদ্ধারের কথা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় এ তদন্তকারী সংস্থা। এ ব্যবসায়ীর বিপুল পরিমাণ সম্পত্তিরও হদিস মিলেছে ইডির তদন্তে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শুরু করে ইডি কর্মকর্তাদের অভিযান শেষ হয় রাত ১১টা নাগাদ। অর্থ উদ্ধারের পর আমিরের পরিবারের সদস্য এবং ওই বাড়িতে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি কর্মকর্তারা।