অবৈধ মানি এক্সচেঞ্জ ঠেকাতে অভিযান চালাবে সিআইডি

দেশে অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযান চালাবে। এতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ‘মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’।

রবিবার বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে সিআইডির এক সমন্বয় সভায় এ প্রতিশ্রুতি দেওয়া হয়। 

সভায় সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া।  

সভায় অবৈধ হুন্ডি ব্যবসা, বৈধ এবং অবৈধ মানি এক্সচেঞ্জের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন সিআইডিকে সর্বাত্মক সহযোগিতা করার বিষয়ে সহমত পোষণ করে। 

সভায় এর সভাপতি এ কে এম ইসমাইল হক বলেন, হুন্ডি বা অর্থ পাচার রোধ, অবৈধ মানি এক্সচেঞ্জের কার্যক্রম এবং বৈধ মানি এক্সচেঞ্জের অনুনোমোদিত একাধিক শাখা স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে সিআইডির সঙ্গে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন একযোগে কাজ করবে। এ ছাড়া অবৈধ মানি এক্সচেঞ্জের তলিকা প্রদান এবং তাদের অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য প্রদান করার বিষয়ে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন প্রতিশ্রুতিবদ্ধ। 

অনুমোদিত ২৩৫টির বাইরে আরও ৭০০টির মতো মানি চেঞ্জার প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই কার্যক্রম চালাচ্ছে বলে এর আগে জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।