‘ট্রাফিক পুলিশের হয়রানি’ বন্ধসহ পাঁচ দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করবেন সিলেটের পরিবহন শ্রমিকরা। গতকাল রবিবার দুপুরে সিলেটের ছয়টি পরিবহন সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। পরিবহন শ্রমিকদের ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।
এর আগে একই দাবিতে গত ৮ সেপ্টেম্বর মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রমিক সমন্বয় পরিষদ।
শ্রমিকদের দাবিগুলো হচ্ছেÑ সিলেট মহানগর পুলিশের কমিশনার ও উপকমিশনারের (ট্রাফিক) অপসারণ এবং ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করা, সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিকলীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার করা, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া, ভাঙাচোরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার, নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া এবং অনুমোদনহীন গাড়ি চলাচল বন্ধ রাখা।
সিলেটের পরিবহন শ্রমিক নেতারা জানান, মঙ্গলবার ভোর থেকে সিলেট জেলার রাস্তায় কোনো চালক গাড়ি নিয়ে বের হবেন না। ন্যায্য পাঁচটি দাবি জানিয়ে পরিষদের উদ্যোগে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপির অনুলিপি সিলেটের প্রশাসনের সংশ্লিষ্ট সব সেক্টরেও পাঠানো হয়েছে।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমদের পরিচালনায় গতকালের সভায় বক্তব্য রাখেন জেলা ট্রাক-পিকাপ-কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, ইমা লেগুনা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সভাপতি রনু মিয়া মঈন, জেলা অটো টেম্পো অটোরিকশা শ্রমিক জোটের সভাপতি আব্দুল হালিম ভাসানী, জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির মিয়া, জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, জেলা ট্রাক কাভার্ডভ্যান পিকাপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন।