বগুড়ায় কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্ক

বগুড়ার শেরপুর উপজেলায় ঐতিহ্যবাহী একটি কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের তিরাইল বিশ^া এলাকায় মহাশ্মশানে অবস্থিত বেলগাড়ী কালীমন্দিরে ঢুকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ঘটনাটি ঘটায়। এ ঘটনায় স্থানীয় হিন্দুসম্প্রদায়ের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তারা।

বেলগাড়ী কালীমন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন চন্দ্র সরকার বলেন, রবিবার দুপুরের দিকে স্থানীয় এক যুবক মাঠে গরুর ঘাস কাটতে যান। একপর্যায়ে মহাশ্মশান এলাকায় গেলে দেখেন কালীমন্দিরের প্রধান ফটকের তালা ভাঙা। মন্দিরের ভেতরে রক্ষিত প্রতিমার বিভিন্ন অংশও ভেঙে মাটিতে পড়ে আছে। সম্ভবত শনিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে মূর্তিগুলো ভাঙচুর করেছে। এক দিন আগেও মন্দিরের প্রতিমা অক্ষত ছিল বলে দাবি করেন তিনি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার বলেন, ‘ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। দ্রুততম সময়ে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মূর্তি ভাঙচুরের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’