নাটোরের লালপুরে আব্দুলপুর রেলস্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে ইঞ্জিনটি বিকল হয়ে পড়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল রবিবার বেলা ১১টার দিকে লালপুর উপজেলার আব্দুলপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার জানান, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন আব্দুলপুর স্টেশনে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে ধোঁয়া দেখা যায়। দ্রুত স্টেশন কর্তৃপক্ষ তা নিয়ন্ত্রণ করে।
ইঞ্জিন বিকল হওয়ায় ঈশ্বরদী থেকে ট্রেনের একটি ইঞ্জিন এলে আবার ট্রেনটি যাত্রা শুরু করে। ইঞ্জিনে আগুন লাগলেও হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।