বঙ্গবন্ধু সেতুর পিলারে ধাক্কা, বলগেট ডুবে নিখোঁজ ১

সিরাজগঞ্জ থেকে বালু নিয়ে মানিকগঞ্জ যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতুর ৯ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে একটি বলগেট ডুবে গেছে। এতে আবুল শিকদার(৩৪) নামের ১ শ্রমিক নিখোঁজ হয়েছে। তিনি মানিকগঞ্জ জেলার গ্রাবনিয়া গ্রামের রহিম সিকদারের ছেলে। ওই বলগেটে থাকা অপর তিনজন সাঁতার দিয়ে পাড়ে উঠেছে। তারা হলেন, নোয়াখালী জেলার কবীর, মামুন ও মানিকগঞ্জ জেলার মো. খলিলুর রহমান।

বঙ্গবন্ধু সেতুর পাহারায় নিয়োজিত আনসার আব্দুর রহমান বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। ফলে স্রোতের টানে বালু বোঝাই বলগেটটি নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের ৯ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে বলগেটটি ডুবে যায়। এ সময় তিনজন শ্রমিক সাঁতার দিয়ে কূলে উঠতে পারলেও অপর একজন তলিয়ে গেছে।

এ দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা মো. খলিলুর রহমান বলেন, আমরা সিরাজগঞ্জের হাজী সাত্তারের বালুর মহাল থেকে বালু বোঝাই বলগেটটি নিয়ে মানিকগঞ্জের দিকে রওনা দেই। নদীতে অতিরিক্ত স্রোতের কারণে পিলারের সঙ্গে ধাক্কা লেগে বলগেটটি ডুবে যায়।

বঙ্গবন্ধু সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, বিযয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।