সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহ বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারের নেওয়া হবে।
সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফরিদপুরের নগরকান্দায় নিজ এলাকায় প্রথম জানাজা হবে। এরপর সেখান থেকে ফিরিয়ে এনে বিকাল ৩টার দিকে শহীদ মিনারে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা বেনজীর আহমেদ রায়হান।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। কিছুদিন আগে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর। রাতে তার মরদেহ সিএমএইচেই রাখা হয়েছিল।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।