ভারতের উত্তর প্রদেশের বারানসিতে কাশী বিশ্বনাথ মন্দির লাগোয়া জ্ঞানবাপি মসজিদের দেয়ালে থাকা হিন্দু দেব-দেবীর মূর্তিপূজা করার অধিকারের আবেদন শুনবে আদালত। বারানসি জেলা আদালতের সবচেয়ে বয়স্ক বিচারপতি অজয় কুমার বিশ্বাস গতকাল সোমবার জানান, পূজা-অর্চনার অধিকার চেয়ে করা মামলা সমর্থনীয়। তিনি সেই মামলা শুনবেন।
২০২১ সালের আগস্ট মাসে পাঁচ হিন্দু নারী জ্ঞানবাপি মসজিদের বাইরের এক দেয়ালে খোদাই করা হিন্দু দেব-দেবীর মূর্তি (মা শ্রীঙ্গার গৌরী) বছরভর পূজা করার অনুমতি চেয়ে বারানসি দায়রা আদালতে এক মামলা করেছিলেন। সেই মামলায় দায়রা আদালতের বিচারক রবিকুমার দিবাকর একটি কমিটি গঠন করে বলেন, মসজিদ চত্বর জরিপ হবে ও তার ভিডিওগ্রাফ করা হবে। সেই নির্দেশ অনুযায়ী জরিপ ও ভিডিওগ্রাফ হয়। আদালতে তা জমা দেওয়ার আগেই সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। মসজিদ কর্র্তৃপক্ষ এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট মামলাটি জেলা আদালতে স্থানান্তর করে। জ্ঞানবাপি মসজিদ কর্র্তৃপক্ষ আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ ওই আবেদন চ্যালেঞ্জ করে বলেছিল, পূজার অধিকার চেয়ে দায়ের হওয়া ওই মামলা ও সে সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্তগুলো কেন্দ্রীয় আইনের পরিপন্থী।