রাবি শিক্ষককে লাঞ্ছিত করা অভিযুক্ত ছাত্রলীগ নেতার বহিষ্কার দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্তের বহিষ্কার দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

সোমবার সকালে বিশ্ববিদ্যালেয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টাব্যাপী চলা কর্মসূচি এ ঘোষণা দেন তারা।  

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে অভিযুক্ত ছাত্রলীগ নেতা ও আইবিএর শিক্ষার্থী আবু সিনহাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে, ভিডিও ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িত অন্যদের শাস্তির আওতায় আনা, আন্তঃবিভাগ টুর্নামেন্ট চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চত করা। 

কর্মসূচিতে বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

প্রসঙ্গত, রোববার রাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের একটি খেলায় মুখোমুখি হয় ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট। এসময় রেফারির একটি সিদ্ধান্তকে নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় মিমাংসা করতে গেলে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোইজুর রহমানকে কলার ধরে টানাহেঁচড়া করেন আইবিএর চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আবু সিনহা। এ ঘটনায় রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়।