বিচারিক আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তি বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে মামলা হয়েছে ৭ লাখ ৪৭ হাজার ৪৭৬টি। আর এ সময়ে নিষ্পত্তি হয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৯৫২টি মামলা। ছয় মাসে মামলা নিষ্পত্তির পরিমাণ বেড়েছে ৩২ দশমিক ৪০ ভাগ। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত জানুয়ারির শেষদিকে দেশের আটটি বিভাগের অধস্তন আদালতগুলো মনিটরিং করতে হাইকোর্টের আট বিচারপতির সমন্বয়ে প্রতিটি বিভাগের জন্য একটি করে মনিটরিং কমিটি গঠন করা হয়। গত ছয় মাসের পরিসংখ্যান তুলে ধরে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, মনিটরিং কমিটি গঠনের পর মামলা নিষ্পত্তির হার বেড়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আটটি বিভাগে দেওয়ানি ও ফৌজদারি মামলা হয়েছে ৭ লাখ ৪৭ হাজার ৪৭৬টি। এ সময়ে নিষ্পত্তি হয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৯৫২টি। গড়ে নিষ্পত্তির হার ৯১ দশমিক ৯০ ভাগ। ছয় মাসে সবচেয়ে বেশি নিষ্পত্তি হয়েছে ময়মনসিংহ বিভাগে। সেখানে গড়ে মামলা নিষ্পত্তির হার ১০৮ দশমিক ১৬ শতাংশ। ২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ লাখ ৫৫ হাজার ৯৮১টি মামলা হয়। নিষ্পত্তি হয় ৩ লাখ ৯০ হাজার ৩১১টি। ওই সময়ে গড়ে নিষ্পত্তির হার ছিল ৫৯ দশমিক ৫০ ভাগ।
সুপ্রিম কোর্ট প্রশাসনের মতে, ২০২১ ও ’২২ সালের প্রথম ছয় মাসের তুলনামূলক পরিসংখ্যানে দেখা যায়, নতুন মনিটরিং কমিটি গঠিত হওয়ার পর বর্তমান কমিটির সভাপতিদের সার্বক্ষণিক তত্ত্বাবধায়ন, নিরবচ্ছিন্ন মনিটরিং এবং গতিশীল নেতৃত্বে মামলা নিষ্পত্তির হার ৩২ দশমিক ৪০ ভাগ বেড়েছে।