রেড জোন চিহ্নিত করে রাজধানীর গুলিস্তানে হকার মুক্ত করতে অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
মঙ্গলবার সড়ক ও ফুটপাতের ওপর অবৈধভাবে স্থাপিত দোকানপাট ও হকার উচ্ছেদ অভিযান শুরু হতেই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন রাজধানীর গুলিস্তান এলাকার হকাররা।
এ সময় তাদেরকে অভিযানের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। এরপর সিটি করপোরেশনের অভিযান টিম সেখান থেকে চলে যায়।
মঙ্গলবার দুপুর ১টার দিকে গুলিস্তান, জিপিও ও বায়তুল মোকাররম মসজিদের সামনে উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন।
এ সময় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন।
বিক্ষোভকারীরা দাবি জানিয়ে বলেন, কোথাও পুনর্বাসন না করে উচ্ছেদ করাটা আমরা মেনে নেব না। এই অভিযান বন্ধ করতে হবে।
বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাসিম কবির বলেন, ‘আমরা শুনেছি হকারদের জন্য মেয়র সাহেব একটি মার্কেট করছেন। উনি বলেছেন ওখানে নাকি হকারদের জায়গা দেয়া হবে। আমরা বলতে চাই, আপনারটা হবে নগদ আর আমাদেরটা হবে বাকি। এটা আমরা মেনে নেব না।’
তিনি বলেন, ‘আপনারা মার্কেট করবেন সেখানে ৪ থেকে ৫ বছর সময় লাগবে। এই লম্বা সময়টা আমাদের হকাররা কোথায় যাবে? আজ আমাদের হকারদের ব্যবস্থা করবেন, তারপর আমরা জায়গা ছাড়ব। এখন আপনারা চাইলে পাঁচতলা মার্কেট করেন বা একশ তলা বিল্ডিং করবেন, সেটা আপনাদের বিষয়।’