কাশিমপুর কারাগারে গাঁজা নিয়ে ছেলের সঙ্গে দেখা করতে এলেন বাবা!

হত্যা মামলার আসামি হিসেবে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী ছেলের সঙ্গে দেখা করতে এসে গাঁজা ও গাঁজা সেবনের সামগ্রীসহ কারা ফটকে আটক হয়েছেন বাবা। 

বুধবার দুপুরে কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। 

আটক বাবার নাম মো. গোলাম আক্তার (৫৪)। তিনি কুমিল্লা মুরাদ নগরের পীর কাশিমপুর এলাকার বাসিন্দা। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার এসআই মো. শওকত ইমরান জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে আরপি চেকপোস্টে কর্মরত কারারক্ষী রাশেদুল ইসলাম দর্শনার্থী মো. গোলাম আক্তারের দেহ তল্লাশী করে তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা, ১০ গ্রাম তামাক মিক্সার, একটি কলকি ও একটি কাঁচি উদ্ধার করে। পরে বিষয়টি কোনাবাড়ী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ মো. গোলাম আক্তারকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। 

জিজ্ঞাসাবাদে আটক গোলাম আক্তার জানান, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামি তার ছেলে সাইফুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। 

এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।