'ধূসরযাত্রা'র উদ্বোধনী প্রদর্শনী ১৬ সেপ্টেম্বর

প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর শেষ-গোসল না হওয়ায়, সোবহান ভালোবাসার টানে মৃত্যু ভয়কে উপেক্ষা করে পঁচিশ বছর ধরে শেষ-গোসলের কাজটি করে চলেছেন এবং সে চেয়েছে একটি মানুষেরও শেষ যাত্রা যেন তার স্ত্রীর মতো না হয়; যেন আর কাউকে আজীবন এমন যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে না হয়। কিন্তু নিয়তির কাছে মানুষ কি অসহায়! মহামারিতে মৃত্যুর পর তার প্রিয়তমা স্ত্রীর মতো একইভাবে নিয়তির কাছে সমর্পিত হতে হলো সোবহানকে। এ যেন এক নির্মম- ধূসরযাত্রা।

পাঁচালী ফিল্মস্ এর আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় আগামী ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার, সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মাস্উদ সুমন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র 'ধূসরযাত্রা'র উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী প্রদর্শনীতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, চলচ্চিত্র নির্মাতা ফরিদুর রহমান এবং আবু সাইয়ীদ এবং বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

'ধূসরযাত্রা' বা 'ডাসকি ভয়েজ' এর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাস্‌উদ সুমন। চিত্রগ্রহণে হিরা আজাদ আর সম্পাদনা করেছেন সামির আহমেদ। শব্দ পরিকল্পনা ও মিশ্রণে ছিলেন শৈব তালুকদার আর শিল্প পরিকল্পনায় আলি আহমেদ মুকুল। 

এ ছাড়াও শিল্প নির্দেশনা করেন মামদুদুর রহমান মুক্ত ও আহসান হাবীব বিপু। পোশাক পরিকল্পনা করেছেন মুমু মাস্উদ। সংগীত পরিকল্পনা ও রঙ বিন্যাসে ছিলেন যথাক্রমে ইবনে রাজন ও রাশেদুজ্জামান সোহাগ।