পথশিশুদের জন্য জন্মনিবন্ধন সহজ ও নিশ্চিতের সুপারিশ করেছে কয়েকটি সামাজিক সংগঠন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ সুপারিশ করা হয়।
আট সংগঠন নিয়ে গঠিত ফোরাম অব এডুকেটরস ফর স্ট্রিট চিলড্রেন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আপন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আফতাবুজ্জামান বলেন, ‘বাংলাদেশে জন্ম নেয়া প্রতিটি শিশুর নিবন্ধন পাওয়া তার সাংবিধানিক অধিকার। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরও শিশুদের জন্মনিবন্ধন পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। জন্মনিবন্ধন না পেলে শিশুরা নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হয়। শুধু তাই নয়, বড় হওয়ার সঙ্গে সঙ্গে তারা দেশের নাগরিক হিসেবে কর্মক্ষেত্রসহ জীবনের নানা ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। তাই ঠিকানাহীন পথশিশু তথা সুবিধাবঞ্চিত শিশুদের জন্ম সনদ পাওয়ার ক্ষেত্রে শর্ত আরও শিথিল করা সময়ের দাবি।’
ফোরাম থেকে দাবি জানানো হয়, সব শিশুর জন্মনিবন্ধন তথ্য বায়োমেট্রিক পদ্ধতিতে কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে তথ্য সংগ্রহ করতে হবে। শিশুটি যে হাসপাতালে জন্ম নেবে, সে হাসপাতালে জন্মনিবন্ধন নিশ্চিত করা গেলে নিবন্ধন প্রক্রিয়া সহজ হবে। অনাকাঙ্ক্ষিত শিশু বা তার মা (যদি মায়ের ঠিকানা না থাকে) উভয়ের জন্য নিবন্ধন নিশ্চিত করতে হবে, অভিভাবক হিসেবে সমাজকল্যাণ অধিদপ্তর দায়িত্বশীল থাকবে।
এ ছাড়া টিকাকার্ড বা হাসপাতালে জন্ম নেয়ার ছাড়পত্র থাকার শর্ত শিথিল করতে হবে এবং জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন ২০০৪ এবং বিধিমালা ২০১৭ অনুসারে নিবন্ধন সফটওয়্যার আপডেট করা এবং অনলাইন নিবন্ধন সহজ করাসহ সরকারি বা বেসরকারি উদ্যোগে জন্মনিবন্ধনের প্রয়োজনীয় তথ্য সম্পর্কে সব মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে এবং প্রয়োজনে অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন, মজার স্কুলের নির্বাহী পরিচালক আরিয়ান আরিফ, পথশিশুদের পার্টনারের নার্গিস আক্তার কাকলি, একমাত্র সমাজের নির্বাহী পরিচালক শুভাশীষ রায় প্রমুখ।