হয় মরব, না হয় গণতন্ত্র উদ্ধার করব: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘নির্বাচনের সময় আমরা জনগণের কাছে যাই আর আওয়ামী লীগ যায় ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গণতন্ত্রহীন এই দেশে ২০২৩ সালে আমরা হয় মরব, না হয় গণতন্ত্র উদ্ধার করব।’

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির পশ্চিম জোনে উত্তরা-পশ্চিম থানার কামারপাড়া ব্রিজ এলাকায় অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশ শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগসহ ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে আসার পথে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে, বাধা দিয়েছে। এতে ২৫-৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এতো বাধার পরও আমরা সমাবেশ সফল করেছি।’

সমাবেশে দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে টুকু বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা জনগনের পাশে থাকতে চাই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করায় এরই মধ্যে আমাদের তিন সন্তান মায়ের বুক খালি করে চলে গেছে। এর জবাব কে দেবে?’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পুলিশ বাহিনী রাজারবাগে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। সেদিন আমি তাদের সাথে ছিলাম। কিন্ত আমি যখন দেখি সেই পুলিশ ভাইয়েরা কথায় কথায় জনগণের ওপর গুলি চালায়, তখন কষ্ট পাই। এই পুলিশ মুক্তিযুদ্ধ করেছিল। এই পুলিশ এখন মানুষের বুকে গুলি চালিয়ে রক্ত বের করে। আমি কিন্তু সব পুলিশ ভাইদের দোষ দিচ্ছি না। সিংহভাগ পুলিশ বন্দুক তাক করতে চায় না। কিন্তু চাকরির ভয়ে, পেটের দায়ে তারা এই কাজ করে।’

তিনি বলেন, ‘আমরা ভোটের আগে মানুষের দ্বারে দ্বারে যাই, আশ্বাস দেই ভোট চাই। আর আওয়ামী লীগ সরকার ভোটের আগে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে যায়। কারণ তারা জনগণের ভোটে বিশ্বাস করে না। বিদেশি শক্তির সহযোগিতায় ষড়যন্ত্রের মাধ্যমে কি করে ক্ষমতায় যাওয়া যায় তারা সেই চেষ্টা করে। সেই আশায় গুড়েবালি। প্রতিবার ২০১৪ কিংবা ২০১৮ সাল হবে না। ২০২৩ সালে, আমরা হয় মরব,না হয় গণতন্ত্রকে উদ্ধার করব।’

লোডশেডিং, জ্বালানি তেলের নজিরবিহীন মূল্যবৃদ্ধি, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন নিহত হওয়ার প্রতিবাদে গত ১০ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক সমাবেশ করছে বিএনপি। মঙ্গলবারের এই সমাবেশ ছিল তার মধ্যে চতুর্থ। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আরো ১২ স্পটে সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, কামরুজ্জামান রতন, তাবিথ আউয়াল, নাজিম উদ্দিন আলম, ইয়াছিন আলী ঢাকা মহানগরের উত্তরের যুগ্ম আহ্বায়ক এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।