স্বপ্না-কৃষ্ণাদের স্যালুট জানাই

গত জুনে মালয়েশিয়াকে ঘরের মাঠে নাস্তানাবুদ করেও এতটা উচ্ছ্বসিত হতে দেখা যায়নি গোলাম রব্বানী ছোটনকে। যেন কালকের দিনটির অপেক্ষায় ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অভিজ্ঞ কোচ। নারী সাফ চ্যাম্পিয়নশিপের পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে আধিপত্য দেখিয়ে হারানোর পর তাই মাথা নুইয়েছেন নিজেদের হাতে গড়া শিষ্যদের কাছে। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় তার প্রথম কথাই ছিল, ‘আমি আমার মেয়েদের স্যালুট জানাই।’ আসলেই কোনো প্রশংসাই যেন অত্যুক্তি হবে না সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানীদের কালকের পারফরম্যান্সের। হারের কষ্ট চেপে তাই ভারত দলের কোচ সুরেন ছেত্রীও পিঠ চাপড়ে দিয়েছেন বাংলাদেশের মেয়েদের।

স্বপ্নার জোড়া আর কৃষ্ণার গোলে ভারতকে সাফের ইতিহাসের প্রথম হারের স্বাদ দিয়েছে বাংলাদেশ। গর্বিত কোচ ছোটন এই জয়ের সম্পূর্ণ কৃতিত্বই দিয়েছেন ফুটবলারদের, ‘মেয়েরা গত চার-পাঁচ বছর ধরেই কঠোর পরিশ্রম করছে। আজ (গতকাল) তারা ইতিহাস গড়েছে। আমরা অনেক বড় জয় পেয়েছি। আগেই বলেছি বাংলাদেশের ফুটবল ধীরে ধীরে উন্নত হচ্ছে ও পরিবর্তন ঘটছে। এই ম্যাচে তারা তাদের সামর্থ্যরে প্রমাণ রেখেছে।’ ম্যাচটা ছিল গ্রুপসেরা নির্ধারণের লড়াই। এখানে হারলে সেমিফাইনালে নেপালের মুখোমুখি হতে হতো। তাই দলের সেরাদের বিশ্রামের ভাবনা একবারও প্রশ্রয় দেননি ছোটন, ‘আমাকে অনেকেই বলেছিল কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিতে। আমি চিন্তা করেছি, হারজিত যাই হোক, ভারতের সঙ্গে একটা ভালো ম্যাচ খেলুক মেয়েরা। তাতে তারা খেলার মধ্যে থাকবে। কারণ ভারত কেবল দক্ষিণ এশিয়া নয়, এশিয়ার অন্যতম বড় দল। তাদের সঙ্গে খেলে হারলেও অনেক কিছু শেখার আছে, জিতলে তো কথাই নেই। আমরা সেমিফাইনালে আগেই চলে গিয়েছিলাম। আমার শুধু দেখতে চেয়েছিলাম বিগ ম্যাচের টেম্পারমেন্টে তারা কী করে এবং একই রিদমে খেলে পারে কি না।’

ভারতের কোচ সুরেন ছেত্রী এই হারকে অঘটন হিসেবে দেখতে নারাজ, ‘আমি এটাকে বাজে একটা দিন বলব না। আমরা খুবই বাজে খেলেছি। বাংলাদেশ অনেক বেশি উজ্জীবিত ছিল। আমাদের খেলোয়াড়দের মধ্যে জয়ের ক্ষুধা ছিল না। কয়েকজন বেশ কিছু ভুল করেছে। এগুলোর মূল্য দিতে হয়েছে। বাংলাদেশ যেভাবে খেলেছে, অবশ্যই তারা প্রশংসার দাবিদার। তাদের মধ্যে জয়ের ক্ষুধা ছিল। এটা আমাদের জন্য বড় হার।’

কৃষ্ণাও নিজেদের উন্নতির কথাটা মনে করিয়ে দিলেন ম্যাচ শেষে, ‘বাংলাদেশে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, আজ তার প্রতিফলন ঘটেছে। এবার আমাদের ইচ্ছে ছিল ভালো কিছু করার, ভারতকে হারানোর। অতীতে ভারতের সঙ্গে সিনিয়র পর্যায়ে অনেকবার খেলেছি। তেমন কিছু অর্জন করতে পারিনি। তারা এশিয়ার অন্যতম সেরা দল। তাদের আমরা কেবল হারাইনি, আমাদের টিম কম্বিনেশন, সমঝোতা খুব ভালো ছিল এবং সামনেও এটা থাকবে।’