নতুন কারিকুলাম (পাঠক্রম) বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় ৪ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘জানুয়ারি মাসের ১ তারিখে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির যে বই শিক্ষার্থীরা হাতে পাবে সেটিই একেবারে চূড়ান্তরূপ নয়। এর ওপর আরও কাজ করার আছে। শিক্ষক প্রশিক্ষণেও আরও পরিবর্তন আনা হবে।’
গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন পাঠ্যক্রম বিষয়ে মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন কারিকুলাম বাস্তবায়নে সবচেয়ে বড় যে বাধা আসবে, তা হলো আমাদের মনোভাব, দৃষ্টিভঙ্গি ও অভ্যাস। শিক্ষার্থী কত নম্বর পেল, বছর শেষে শ্রেণিতে কোন জায়গায় শিক্ষার্থীর অবস্থানÑসেটা নিয়ে আমরা যে পরিমাণ উদ্বিগ্ন তা থেকে বেরিয়ে আসতে হবে।’