করোনায় দৈনিক শনাক্তের হার ১০% ছাড়াল

দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার আবারও ১০ শতাংশ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার ৮টা পর্যন্ত) ৪ হাজার ১২২টি নমুনা পরীক্ষা করে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৫৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৯ দশমিক ২৩ শতাংশ। এর আগে সবশেষ গত ২৩ জুলাই শনাক্তের হার ছিল ১০ দশমিক ১০ শতাংশ। সেদিন ৪ হাজার ৪১৫টি নমুনা পরীক্ষা করে ৪৪৬ জন রোগী শনাক্ত হয়েছিল। পরদিন ২৪ জুলাই তা ৭ দশমিক শূন্য ৪ শতাংশে নেমে আসে। এরপর থেকে শনাক্তের হার ১০ শতাংশের নিচেই ছিল।

গতকাল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত দেড় মাস পর শনাক্ত রোগীর সংখ্যা আবার চারশ ছাড়াল। এমনকি টানা দ্বিতীয় দিনের মতো চারশর বেশি করোনার রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৩৫ জন এবং মৃত্যু হয়েছে একজনের। মৃত ব্যক্তির বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি চট্টগ্রাম বিভাগের সরকারি হাসপাতালে মারা গেছেন।