দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ হাজার ৪৪৮ জন। পাশাপাশি একই সময়ে মারা গেছে ৩৯ জন।
গতকাল সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৩৮ জন এবং ঢাকার বাইরে ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১ হাজার ২১৩ জন। তাদের মধ্যে রাজধানীর ৫০টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৮৯৫ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ৩১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে মাত্র ১২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়।