ঝিনাইদহে সেচ পাম্পের হাউজে আটকা পড়ল ৩ মেছোবাঘ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সেচ পাম্পের গভীর হাউজের ভেতর থেকে তিনটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে ওই উপজেলার শাহবাড়িয়া গ্রামের মাঠের সেচ পাম্পের গভীর হাউজ থেকে বাঘ তিনটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও বন বিভাগ জানায়, গত রাতে উপজেলার শাহবাড়িয়া গ্রামের মাঠে সেচ পাম্পের গভীর হাউজের ভেতরে দুই শাবকসহ তিনটি মেছো বাঘ আটকা পড়ে।

সকালে সেচ পাম্পের গভীর হাউজের ভেতরে ভয়ংকর গর্জনে মানুষ আতঙ্কিত হয়ে উঠে। বাঘের মতো শব্দ শুনে বোরিং ঘরে গেলে টর্চের আলোয় দুটি বাচ্চাসহ ৩টি মেছো বাঘ দেখতে পায়।

পরে শৈলকুপা বন বিভাগকে খবর দিলে তার এসে মেছো বাঘ তিনটি উদ্ধার করে। তবে এর মধ্যে একটি বাচ্চা মারা গেছে। বাকি দুটো মেছো বাঘ অবমুক্ত করা হয়েছে।

বাঘ আটকা পড়েছে এমন খবর শুনে এলাকার উৎসুক মানুষ ভিড় জমায় সেখানে।

ঝিনাইদহের বন বিভাগের কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, একটি শাবক মারা গেছে ও অপর দুইটি উদ্ধার করে স্থানীয় বনে ছেড়ে দেওয়া হয়।