ঢাকায় বিএনপির সমাবেশ উপলক্ষে ইশরাকের জনসংযোগ

রাজধানীতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকা জোন-৬ এর সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

এই সমাবেশকে সফল করতে সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বুধবার সকাল থেকে রাজধানীর জজকোর্ট, ধোলাইখাল, রায়সাহেব বাজার, বেগমগঞ্জ নুর মসজিদসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিনি এই কর্মসূচি পালন করেন।  

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বারের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাব্বির আহমেদ আরিফ, ওয়ারি বিএনপির সভাপতি লিয়াকত আলী, সূত্রাপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকতার আহমেদসহ শতাধিক নেতাকর্মী।

বিদ্যুতের নজরবিহীন লোডশেডিং, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও ভোলায় আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেল ৩টায় ধোলাইখাল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্যসচিব রফিকুল আলম মজনু বক্তব্য রাখবেন।