বিএনপি ভিক্ষার ঝুলি নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াত: কৃষিমন্ত্রী

বিএনপি ভিক্ষার ঝুলি নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াত উল্লেখ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির আমলে দেশে খাদ্যের চরম ঘাটতি ছিল। ভিক্ষার মনোবৃত্তি নিয়ে তারা দেশ পরিচালনা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসে ৫ বছরে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেন। বিএনপির সময় মানুষ না খেয়ে মারা যেতো, আর এখন সবাই পেট ভরে ভাত খেতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মঙ্গাকে চিরতরে দূর করেছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আশ্বিন-কার্তিক মাসে বেশিরভাগ মানুষের ঘরে খাবার থাকত না, মঙ্গা হতো, দুর্ভিক্ষ হতো, মানুষ না খেয়ে মারাও যেত। অন্যদিকে গত ১৩ বছরে একটি মানুষও না খেয়ে কষ্ট করেনি। আজকে সবাই পেট ভরে ভাত খেতে পারে।

তিনি বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় এসে সারের দাম কমানো, ভর্তুকি মূল্যে সার সরবরাহের ব্যবস্থা, কৃষিতে উন্নয়ন সহায়তা প্রদান, ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ, কৃষি প্রণোদনা প্রদানসহ বিভিন্ন কৃষকবান্ধব নীতি গ্রহণ ও তা বাস্তবায়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেন।