প্রকৃত নিঃস্ব কে?
সাহাবি হজরত আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমরা কি জান, নিঃস্ব কে? তারা বলল, আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি, যার কাছে কোনো দিরহাম এবং কোনো আসবাবপত্র নেই। তিনি বললেন, আমার উম্মতের মধ্যে (আসল) নিঃস্ব তো সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাতের (নেকি) নিয়ে হাজির হবে। (কিন্তু এর সঙ্গে সঙ্গে সে এ অবস্থায় আসবে যে, সে কাউকে গালি দিয়েছে, কারও প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে, কারও (অবৈধরূপে) মাল ভক্ষণ করেছে, রক্তপাত ঘটিয়েছে এবং কাউকে মেরেছে। অতঃপর অত্যাচারিতদের তার নেকি দেওয়া হবে, অবশেষে যদি তার নেকি অন্যদের দাবি পূরণের আগেই শেষ হয়ে যায়, তাহলে তাদের পাপরাশি নিয়ে তার ওপর নিক্ষেপ করা হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ -সহিহ মুসলিম
ব্যাখ্যা : নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের জিজ্ঞেস করেছেন, তোমরা কি জান নিঃস্ব কে? মানুষের মধ্যে যা প্রসিদ্ধ ছিল, তারা তাকে তাই বলল। তারা বলল, যার কাছে টাকা ও সামগ্রী নেই সে নিঃস্ব। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সংবাদ দিলেন, এই উম্মতের মধ্যে নিঃস্ব-অসহায় হচ্ছে ওই ব্যক্তি, যে কিয়ামতের দিন আসবে বড় নেকি ও অনেক সৎকর্ম নিয়ে। যেমন নামাজ, রোজা ও জাকাত। সে আসবে ঠিকই অথচ একে গাল দিয়েছে, ওকে প্রহার করেছে, তার সম্পদ ভক্ষণ করেছে, অমুককে অপবাদ দিয়েছে এবং তার রক্ত প্রবাহিত করেছে। আর মানুষেরা তাদের হক চাইবে। যা তারা দুনিয়ায় নিতে পারেনি সেটা তারা আখেরাতে নেবে। আল্লাহ তাদের জন্য তার থেকে বদলা নেবেন। ফলে ইনসাফের সঙ্গে এবং যথাযথভাবে বদলা হিসেবে এ তার নেকি নেবে, অমুক তার নেকি নেবে এবং অমুক তার নেকি নেবে। এভাবে যদি তার নেকি শেষ হয়ে যায়, তাদের পাপ নিয়ে তার ওপর নিক্ষেপ করা হবে এবং তাকে জাহান্নামে ফেলা হবে।