নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে হামলা বাড়তে থাকা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকাস্থ ইইউ কূটনৈতিক মিশনের পক্ষে ইইউ'র অ্যাম্বাসেডর এবং ডেলিগেশন প্রধান চার্লস হুইটলি টুইট করে তাদের এই উদ্বেগের ব্যাপারে জানিয়েছেন।
টুইটে বলা হয়, 'ইইউ রাজনৈতিক কর্মসূচিতে হামলা বাড়ার বিষয়ে এবং পরবর্তী সংসদ নির্বাচনের আগে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।'
টুইটে আরো বলা হয়, 'ইইউ এবং সদস্য রাষ্ট্রগুলো কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ত।'
জাতিসংঘ ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করছে। এবারের গণতন্ত্র দিবসে গণতন্ত্র, শান্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্বের ওপর আলোকপাত করা হচ্ছে।