বহুতল ভবন থেকে নির্মাণসামগ্রী পড়ে শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবন থেকে নির্মাণ সামগ্রী ভর্তি বস্তা মাথায় পরে ফাতেমা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। একটি শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত ফাতেমার বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানার চরভবানিপুর গ্রামে। সে ওই গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। ফাতেমা ও তার পরিবার পাশের মোতাহার হোসেন খানের বাসায় ভাড়ায় থাকত।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় রফিকুল ইসলাম স্বপনের নির্মাণাধীন বহুতল ভবনের নিচে খেলা করছিল শিশুরা। গতকাল বৃহস্পতিবার সকালে ভবনটির পঞ্চম তলা থেকে নির্মাণ শ্রমিকরা ভাঙা ইট-সুরকির বস্তা নিচে ফেলে দিলে সেটি ফাতেমার মাথায় পড়ে মারা যায়। এ সময় অন্য শিশুরাও কিছুটা আঘাতপ্রাপ্ত হয়।

বাড়ির মালিক রফিকুল ইসলাম স্বপন বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ঠিকাদারের গাফিলতিতে এমন মর্মান্তিক ঘটনা ঘটল।