ট্রেনের জানালা দিয়ে মোবাইল চুরির চেষ্টা করছিলেন এক যুবক। কিন্তু তা দেখে ফেলেন যাত্রী। এরপর যা হলো তা দুঃস্বপ্নই বটে। চোরকে চলন্ত ট্রেনের জানালায় ঝুলিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ টেনে নেওয়া হয়। এসময় বারবার ক্ষমাপ্রার্থনা ও হাত ছেড়ে না দেওয়ার অনুরোধ জানাচ্ছিল চোর।
ওই ঘটনার ভিডিও এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। গত বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে ভারতের বিহার রাজ্যের বেগুসরাইয়ে এই ঘটনা ঘটেছে।
এনডিটিভির খবরে জানা যায়, গত বুধবার (১৪ সেপ্টেম্বর) বেগুসরাই থেকে খাগরিয়া যাচ্ছিল ট্রেনটি। সাহেবপুর কামাল স্টেশনের কাছাকাছি গেলে এক যাত্রীর ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে চোর। কিন্তু সতর্ক এক যাত্রী সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরেন। চলতে শুরু করে ট্রেন। কিন্তু যুবককে আর ছাড়েননি তিনি।
ভিডিওতে দেখা গেছে, যুবক বারবার ক্ষমা চাচ্ছেন, তার হাত যেন ছেড়ে না দেওয়া হয়। কারণ ছেড়ে দিলেই পড়ে গিয়ে দুর্ঘটনা নিশ্চিত। যাত্রীরা অবশ্য ছাড়েননি হাত। সাহেবপুর কামাল স্টেশন থেকে ১০ কিলোমিটার দূরে খাগারিয়া পর্যন্ত এভাবেই ঝুলতে ঝুলতে যায় যুবক।
পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল কি না, জানা যায়নি।
বিহারে ট্রেনে চুরির ঘটনা নতুন কিছু নয়। গত জুনেও একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছিল, নদীর ওপর সেতু দিয়ে যাচ্ছিল ট্রেনটি। সেতুতে ঝুলে ছিলেন এক যুবক। ট্রেন যখন সেতুর ওপর দিয়ে যাচ্ছিল, তখন আচমকা দরজায় বসে থাকা এক ব্যক্তির মোবাইল ছিনিয়ে পালিয়ে যায় চোর।