কারওয়ান বাজারে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

রাজধানীর কারওয়ান বাজারে ট্রাকচাপায় ভজেন্দ্র চন্দ্র মন্ডল (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নিহতের ছেলে বিনয় চন্দ্র মন্ডল বলেন, বাবা রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান বাবা বেঁচে নেই।

তিনি আরও বলেন, আমরা কারওয়ান বাজার এলাকায় থাকি। আমাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, কারওয়ান বাজার থেকে গুরুতর আহত অবস্থায় এক বৃদ্ধকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।