কারাবন্দী অপরাধীদের ইউক্রেন যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া?

রাশিয়ার কারাগারগুলোতে আটক অপরাধীদের ইউক্রেন যুদ্ধে পাঠানোর চেষ্টা করছেন দেশটির একটি ভাড়াটে যোদ্ধা গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ায় ওয়াগনার গ্রুপ নামে একটি ভাড়াটে সৈন্য দলের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। সম্প্রতি প্রকাশিত হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি সৈন্য ভাড়া করার জন্য রাশিয়ার একটি কারাগারে গিয়েছেন।

সেখানে গিয়ে তিনি বলেছেন, যারা যুদ্ধে যেতে চায় না, তাদের উচিত হবে তাদের সন্তানদের যুদ্ধে পাঠানো। ধারণা করা হয়, ওয়াগনার গ্রুপ ২০১৪ সাল থেকে ইউক্রেনে যুদ্ধ করে আসছে।

তবে ভিডিওটি কে করেছে, কখন এবং কীভাবে করেছে এবং কীভাবে এটি প্রকাশিত হয়েছে - সে ব্যাপারে কিছু জানা যায়নি।

ফাঁস হয়ে যাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কারাগারে গিয়ে ইয়েভগেনি প্রিগোজিন বন্দিদের উদ্দেশে বলছেন, যারা তার গ্রুপের জন্য ছয় মাস কাজ করবে তাদের মুক্ত করে দেয়া হবে।

ভিডিও ভাইরাল হবার পরে সোশ্যাল মিডিয়ায় প্রিগোজিন এক বিবৃতিতে বলেন, তিনি যদি কারাগারে থাকতেন তাহলে ‘মাতৃভূমির ঋণ শোধ করার জন্য’ তিনি ওয়াগনার গ্রুপে যোগ দেবার স্বপ্ন দেখতেন।

তবে বিবৃতিতে ভিডিও সম্পর্কে কিছু বলা হয়নি। এই ভিডিও সত্যি কিনা সেটিও স্বীকার করা হয়নি বিবৃতিতে।

সেনাবাহিনীতে কাজ করা কিংবা ভাড়াটে সৈন্য হিসেবে যোগ দেবার বিনিময়ে কারাগার থেকে বন্দিদের মুক্ত করার বিষয়টি রাশিয়ার আইনে নেই।

তবে ভিডিওতে প্রিগোজিন বলছেন, যারা ওয়াগনার গ্রুপের সাথে কাজ করবে, তাদের আর কারাগারে ফিরে যেতে হবে না।

ভিডিওটির উৎস সম্পর্কে খুঁজতে গিয়ে বিবিসি চিহ্নিত করেছে যে এটি রাশিয়ার সেন্ট্রাল মারিয়ে এল রিপাবলিক থেকে এসেছে। চেহারা চিহ্নিত করার প্রযুক্তির সাহায্যে বোঝা যাচ্ছে রিক্রুটার ব্যক্তিটি প্রিগোজিন।

উল্লেখ্য, এর আগেও ওয়াগনার গ্রুপ এবং প্রিগোজিনের মধ্যে সম্পর্কের বিষয়টি চিহ্নিত করেছিল বিবিসি।