জন্মদিনে 'বার্থডে উইশ সং'; উচ্ছ্বসিত শারমিন সুলতানা সুমি

আজ ১৬ সেপ্টেম্বর। বাংলাদেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় ব্যান্ড 'চিরকুট'-এর ফ্রন্টম্যান শারমিন সুলতানা সুমির জন্মদিন। প্রতিবছর তাদের প্রিয় মানুষটির জন্মদিন বেশ ঘটা করেই পালন করে থাকেন ব্যান্ডের সদস্যরা। সেই সঙ্গে ফ্রন্টম্যান ফ্যানরা তো আছেনই। 

কিন্তু এবার একটু ব্যতিক্রম। এবার একটু অন্যরকমভাবে চিরকুটপ্রধানের জন্মদিন উইশ করা হয়েছে। এবার একটি 'বার্থডে উইশ সং' তৈরি করেন তার সল্ট ক্রিয়েটিভ ও কোকিল স্টুডিওর সহকর্মীরা। এখানে বলে রাখা প্রয়োজন, সল্ট ক্রিয়েটিভ একটি মার্কেটিং এজেন্সি এবং এই এজেন্সিই আসন্ন নদী রকস কনসার্টের আয়োজক। এই এজেন্সির প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হলেন শারমিন সুলতানা সুমি। সেই সঙ্গে তিনি কোকিল স্টুডিওরও প্রতিষ্ঠাতা।

বার্থডে উইশ সংটি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করে উচ্ছ্বসিত এই তারকা লিখেছেন, আমার জন্মদিন কিছু মানুষের কাছে ঈদের খুশির মতো। ওরা কি কি জানি করে। এই খুশিতে আমাদের অফিস সল্ট ক্রিয়েটিভস আর স্টুডিও কোকিল-এর আমার পোলাপাইন যে সারপ্রাইজ দিসে তা দেখে আমি লুকায়ে লুকায়ে কাইন্দালাইসি। যারা জীবনে থাকার তারা সব কিছুর পরেও এমনি এমনি থেকে যায়। বিনা শর্তেই থেকে যায়। এদের এত বকা দিই তাও থেকে যায়। কেমনে? এই ভিডিওটা দেখলেই বুঝবেন বাকিটা। 

উল্লেখ্য, গতকাল রাতে 'বিউটি সার্কাস' সিনেমার জন্য গাওয়া শারমিন সুলতানা সুমির গানটি অবমুক্ত হয়। গানটির কথা, সুর ও কষ্ঠ তার। আর সংগীত পরিচালনা করেছেন চিরকুট ড্রামার পাভেল অরিন।