কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্তে দুই দিন আগে শুরু হওয়া সীমান্ত সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও ২৭ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সংঘর্ষ আরও বৃদ্ধি পাওয়ার পর উভয়পক্ষ একে অপররের বিরুদ্ধে ট্যাংক ও মর্টারের মতো ভারী অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছে। শত্রুতা থামাতে উভয় মিত্রের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো।
কিরগিজস্তানের বর্ডার গার্ড সার্ভিস জানিয়েছে, শুক্রবার ভোররাতে তাজিক বাহিনীগুলো ফের তাদের বেশ কয়েকটি সীমান্ত চৌকিতে গুলিবর্ষণ করেছে, সীমান্তজুড়ে ছড়িয়ে পড়া সংঘর্ষে তাজিক বাহিনীগুলো ট্যাংক, সাঁজোয়া যান ও মর্টার ব্যবহার করছে। অপরদিকে তাজিকিস্তান অভিযোগ করে বলেছে, কিরগিজস্তানের বাহিনীগুলো তাদের একটি সীমান্ত চৌকিতে ও সাতটি গ্রামে ভারী অস্ত্র থেকে গোলাবর্ষণ করছে। তাজিকিস্তানের ইসফারা শহর কর্র্তৃপক্ষ জানিয়েছে, কিরগিজস্তানের গোলায় তাদের শহরে এক বেসামরিক নিহত ও তিনজন আহত হয়েছে। আর রাতে তাজিক বাহিনীর গোলাবর্ষণে ১১ জন আহত হয়েছে বলে কিরগিজস্তান জানিয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দুই প্রজাতন্ত্রের দুর্বলভাবে চিহ্নিত সীমান্তে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে, তবে দ্রুতই এসব সংঘাতের অবসান হয়। তবে গত বছর এ ধরনের সীমান্ত সংঘর্ষের জেরে দেশ দুটি প্রায় সর্বাত্মক যুদ্ধের প্রান্তে পৌঁছে গিয়েছিল।