বাংলাদেশে বর্তমানে শিক্ষার মান নিয়ে প্রশ্ন আছে আর এটা অস্বীকার করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
গতকাল শুক্রবার সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সামাজিকবিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত ‘৫০ বছরে বাংলাদেশের অর্জন, প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জায়েদা শারমিন। সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুনতাহা রকীব।