আওয়ামী লীগ ও পুলিশ ঐক্যবদ্ধ হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘লোডশেডিং, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ জনদাবি নিয়ে বিএনপি রাজপথে আন্দোলনে নামায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ ঐক্যবদ্ধভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করছে। শুধু তাই নয়, হামলা করে নেতাকর্মীদের আহত করার পর তাদের চিকিৎসার সুযোগ না দিয়ে মামলা করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায়।’
গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, ‘দ্রব্যমূল্য ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ করতে গেলে পুলিশ পাখির মতো গুলি করে নেতাকর্মীদের হত্যা করে। এ পর্যন্ত আওয়ামী লীগ ও পুলিশের যৌথ হামলার চারজন নিহত হয়েছেন। বিএনপি যে দাবি নিয়ে আন্দোলন করছে তা কিন্তু দলের দাবি নয়, জনগণের দাবি। তাদের দাবি তুলে ধরার কারণে এ হামলা চালানো হচ্ছে। পুলিশ সেখানে টিয়ার শেল ছুড়ছে, গুলি করছে যা অত্যন্ত নিন্দনীয়।’
তিনি বলেন, ‘সরকারের ক্ষমতায় থাকার লালসা থেকে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রে গণতান্ত্রিক একটা কনভেনশন হয়েছে। গণতান্ত্রিক সব দেশকে তারা আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু সেখানে বাংলাদেশকে তারা আমন্ত্রণ জানায়নি। এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, যেহেতু বাংলাদেশে গণতন্ত্র নেই, হাইব্রিড শাসন চলছে সেহেতু বাংলাদেশ এখানে যুক্ত না।’