রেলক্রসিংয়ে দুই ট্রেনের মাঝে পড়ে ব্যবসায়ী নিহত

রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় রেলক্রসিং ধরে পার হওয়ার সময় পাশাপাশি চলা দুই ট্রেনের মাঝখানে পড়ে ভজেন্দ্র চন্দ্র মন্ডল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে কর্মস্থলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন। পরিবার নিয়ে তেজগাঁও খ্রিস্টানপাড়া এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানে।

পরিবার সূত্রে জানা যায়, বাসায় মেয়ে বেড়াতে এসেছেন। সকালে তার জন্য বাজার করেন বাবা ভজেন্দ্র্র চন্দ্র মন্ডল। বাজার বাসায় রেখে তিনি কর্মস্থলের উদ্দেশ্যে বের হন। এর কিছুক্ষণ পরেই দুর্ঘটনার খবর পান পরিবারের সদস্যরা। ছেলে বিনয় চন্দ্র মন্ডল জানান, তারা এক ভাই, এক বোন। তাদের বাবা সকালে বাসা থেকে দোকানে যাচ্ছিলেন।

ভজেন্দ্র চন্দ্র মন্ডলের ঘনিষ্ঠভাজন মো. জসিম উদ্দীন জানান, কয়েকজন মিলে রক্তাক্ত অবস্থায় তাকে ১ নম্বর ডিআইটি মার্কেটের সামনে নিয়ে আসেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও থানার উপপরিদর্শক তৌকির আহমেদ বলেন, ‘কারওয়ান বাজারে ডিআইটি মার্কেটের পেছনে কাঠপট্টি এলাকায় রেলক্রসিং ধরে পার হওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পাশাপাশি লাইনে চলা দুটি ট্রেনের মাঝখানে পড়ে মাথায় আঘাত পেয়ে ভজেন্দ্র চন্দ্র পড়ে যান বলে তার পরিবারের কাছ থেকে জানতে পেরেছি। তাকে উদ্ধার করে আশপাশের মানুষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় তিনি মৃত্যুবরণ করেন।’