আগামী ১১ অক্টোবর থেকে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনা টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত ‘৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকা কার্যক্রম বিষয়ক জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি জানান, সব মিলিয়ে দেশে ২ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৭৩৭ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে।
সচিব বলেন, আগামী ১১ অক্টোবর থেকে পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু করবো। এতে কমিউনিটি পর্যায়ে আমাদের শিশুদের কাছে টিকা পৌঁছে যাবে। এর মাধ্যমে টিকা না পাওয়া বাকি শিশুরা আমাদের কাভারেজে চলে আসবে।
এসময় তিনি বলেন, অনেক দেশে এখনও বাচ্চাদের টিকাদান শুরুই করেনি। প্রথম থেকেই টিকা প্রয়োগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করে রেখেছিলাম, আমরা অনুমোদন পাওয়ার পরপরই কার্যক্রম শুরু করে দিয়েছি। আগে থেকেই আমরা টিকার সোর্স নিশ্চিত করে রেখেছি।
আনোয়ার হোসেন বলেন, আমাদের মানুষের মধ্যে একটা অভ্যাস গড়ে উঠেছে যে, করোনা প্রকোপ বেড়ে গেলেই তাদের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা বেড়ে যায়। এই মানসিকতার পরিবর্তন দরকার।