রাজধানীর মিরপুরে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী রাখায় তা উন্মুক্ত নিলামে তুলে বিক্রি করে দেওয়া হয়েছে। জব্দকৃত বিপুল পরিমাণ রড, ইট, বালু ও অন্যান্য সামগ্রী নিলামে ১৮ লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ডেঙ্গুবিরোধী সচেতনতামূলক প্রচারাভিযানে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম দেখতে পান এ এলাকার প্রধান সড়কে ও ফুটপাতে বিপুল পরিমাণ রড, ইট, বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী অবৈধভাবে রেখে দেওয়া হয়েছে। এসময় নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষকে না পেয়ে ডিএনসিসি মেয়র সড়কে ও ফুটপাতে নির্মাণ সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াঙ্কার নেতৃত্বে ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা সকল নির্মাণ সামগ্রী জব্দ করে উন্মুক্ত নিলামের ডাক দেওয়া হয়। জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় জনসম্মুখে উন্মুক্ত স্থানে প্রকাশ্যে নিলামে জব্দকৃত সকল মালামাল ১৮ লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
এসময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভার সন্ধানে অভিযানে এসে দেখি বিপুল পরিমাণ রড, ইট, বালু ও অন্যান্য সামগ্রী রাস্তার উপরে ও ফুটপাতে রেখে দেওয়া হয়েছে। বালুর কারণে ড্রেনগুলো ভরাট হয়ে গেছে। রাস্তায় পানি জমে রয়েছে। জনগণের চলাচল বাধাগ্রস্ত করে ফুটপাত ও রাস্তায় নির্মাণ সামগ্রী রাখা যাবে না। সরকারি, আধা-সরকারি ও বেসরকারি যে প্রতিষ্ঠানই হোক না কেন জনদুর্ভোগ সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
মেয়র বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণের সচেতনতা জরুরি। এবছর বর্ষার শুরু থেকেই আমরা পদক্ষেপ নিয়েছি। বিগত সময়ের তুলনায় ডেঙ্গুকে অনেকটা নিয়ন্ত্রণে রেখেছি। জনগণের সচেতনতা ও সহযোগিতা পেলে ডেঙ্গুকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারবো। স্বচ্ছ পানি জমতে দেয়া যাবে না। বাসা বাড়ি, বাড়ান্দা ও ছাদবাগান নিয়মিত পরিষ্কার করতে হবে।