ময়মনসিংহের সঙ্গে নেত্রকোনা-কিশোরগঞ্জের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের সঙ্গে নেত্রকোনা ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

নগরীর বলাশপুর এলাকায় শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার ট্রেনের বগি দুইটি লাইনচ্যুত হয়ে পড়ে।

রেলওয়ে ময়মনসিংহের উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নেত্রকোনার জারিয়া রেলস্টেশন থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে আসছিল। দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের কাছাকাছি বলাশপুর এলাকা আসতেই ৬ নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।  এতে ময়মনসিংহের সঙ্গে নেত্রকোনা ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। 

তিনি আরো বলেন, তাৎক্ষণিক লোক পাঠিয়ে হাইড্রোলিক জগ দিয়ে লাইনচ্যুত ট্রেনের চাকা লাইনে তোলার চেষ্টা চলছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।