টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে দুই দাখিল পরীক্ষার্থী। এ সময় গুরুতর আহত হয়েছে তাদের সঙ্গে থাকা আরও এক শিক্ষার্থী। গত শুক্রবার রাতে সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া আমুয়াবাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন। গতকাল শনিবার সকালে ভায়ড়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই দাখিল পরিক্ষার্থী হলোÑএগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে নাঈম খান এবং একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাকিল খান। তারা দুজনেই এবার স্থানীয় মূলবাড়ী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে চলমান দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছিল। আর আহত রানা খান (১৭) একই এলাকার সুলতান মাহমুদের ছেলে এবং পাকুটিয়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সে।
পুলিশ ও হতাহতদের স্বজনরা জানায়, শুক্রবার রাতে একই এলাকার তিন বন্ধু মোটরসাইকেলে করে দেওজানা থেকে ছনখোলা বাজারের দিকে যাচ্ছিল। পথে আজাদিয়া দাখিল মাদ্রাসার সামনে দ্রুতগতিতে থাকা মোটরসাইকেলটির একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে শাকিল ও নাঈমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টা ৪৫ মিনিটে মারা যায় শাকিল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় নাঈমের। একই দুর্ঘটনায় আহত রানা টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাতক্ষীরায় বাস খাদে পদে পড়ে নিহত ১ : সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে সাজ্জাদ সরদার (৪৬) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন। গতকাল সকাল ৭টার দিকে ভায়ড়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।