মুশফিকের পায়ে ছয় সেলাই

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও মোটেও অবসর জীবনযাপন করছিলেন না মুশফিকুর রহিম। নিয়ম করেই শেরেবাংলা স্টেডিয়ামে এসে অনুশীলন করে প্রস্তুত হচ্ছিলেন আগামী মাস থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের জন্য। কিন্তু চোট তাকে জোর করেই পাঠাল বিশ্রামে। গতকাল মিরপুরে জিম সেশনে বক্স জাম্পিং করছিলেন মুশফিক, সেখানেই পড়ে গিয়ে বাম হাঁটুর নিচে চোট পেয়েছেন। বিসিবির চিকিৎসক মানজুর হোসাইন চৌধুরী দেশ রূপান্তরকে জানান, ‘মুশফিক জিমে বক্স জাম্পিং করার সময় পড়ে যান। তিনি বাম পায়ের হাঁটুর নিচে আঘাত পেয়েছেন। বেশ বড় জায়গা জুড়ে কেটে গিয়েছে, ছয়টা সেলাই লেগেছে পায়ে।’ পায়ের চোটে মুশফিককে অন্তত দুই সপ্তাহ বিশ্রাম নেওয়ার উপদেশ দিয়েছে বিসিবি। টি-টোয়েন্টি দলে না থাকায় ডিসেম্বরের আগে বাংলাদেশ দলের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ নেই মুশফিকের। বিশ্বকাপের পর দেশের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই সুস্থ হয়ে ওঠার জোরালো সম্ভাবনা রয়েছে তার।