বগুড়ায় দূরপাল্লার ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

বগুড়ায় ট্রেনের ধাক্কায় ইভা প্রার্থনা (৯) নামে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে জেলার গাবতলী উপজেলার রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত শিশু প্রার্থনা গাবতলী উপজেলার দোআঁশ লাইব্রেরির লাইব্রেরিয়ান ও সংবাদপত্র কর্মী পবিত্র প্রামাণিকের মেয়ে। পবিত্র প্রামাণিক পরিবার নিয়ে কলেজ গেট এলাকায় বসবাস করেন।

শনিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন সরকার।

নিহত শিশু প্রার্থনার পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে প্রার্থনা নিজ বাড়ি থেকে তার মায়ের সঙ্গে বেড়ানোর জন্য বের হয়। সন্ধ্যা ৬টার দিকে গাবতলী রেল স্টেশনে রেললাইনের পাশে হাঁটার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে  উদ্ধার করে  প্রথমে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে  উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন সরকার জানান, সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারাই পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।