ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার আহ্বান বাইডেনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে কৌশলগত পারমাণবিক বা রাসায়নিক অস্ত্র ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর রয়টার্সের।

রবিবার প্রচারিত মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

গত এক সপ্তাহ ধরে ইউক্রেনের সৈন্যবাহিনী দেশটির উত্তর পূর্বাঞ্চল থেকে রুশ বাহিনীকে পিছু হটাতে সক্ষম হয়েছে।

এর প্রেক্ষিতে পুতিন হুঁশিয়ারি দিয়েছেন যে, তাদের সৈন্যবাহিনী যদি আরও চাপের মধ্যে পড়ে তবে মস্কো আরও জোরের সঙ্গে প্রতিক্রিয়া জানাবে।

তিনি যেকোনো অপ্রচলিত ছোট পারমাণবিক বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারেন বলে উদ্বেগ দেখা দিয়েছে।

সিবিএস সাক্ষাৎকারের এক ক্লিপে ‘60 মিনিটস’ প্রতিবেদক জানতে  চান- পুতিন যদি এই ধরনের অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করেন তবে তিনি তাকে কী বলবেন, জবাবে বাইডেন বলেন, করবেন না। করবেন না। করবেন না। এটি করলে যুদ্ধের রূপ এমনভাবে পরিবর্তন হবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর মুখোমুখি হয়নি।

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ফলস্বরূপ জবাব দেবে। কিন্তু কী ধরনের জবাব তার বিস্তারিত জানাননি।

‘রাশিয়া আগের চেয়ে বিশ্বে আরও বেশি বেপরোয়া হয়ে উঠবে জানিয়ে বাইডেন বলেন, তারা (রাশিয়া) কী করবে তার উপর নির্ভর করে প্রতিক্রিয়া নির্ধারণ করা হবে।