রাজনীতির সঙ্গে বিনোদন জগতের যোগ বহুদিনের। অন্ধ্রপ্রদেশও তার ব্যতিক্রম নয়। এনটিআর রাজনীতিতে যোগ দেওয়ার ৯ মাসের মধ্যেই ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। দক্ষিণের মহাতারকার পর চিরঞ্জীবী, মুরলী মোহন, কৃষ্ণম রাজু, মোহন বাবু, সারদারাও রাজনীতির মাঠে নেমেছেন। এবার পালা প্রভাসের। তবে তিনি নিজে রাজনীতিতে নামছেন না। বরং 'বাহুবলি'র ভাই প্রবোধ নাকি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। বর্তমানে গোদাবরী জেলায় প্রভাসের পরিবারের জনপ্রিয়তা বেড়েছে। বাহুবলীর পর থেকে সর্বভারতীয় স্তরে প্রভাসের জনপ্রিয়তা বেড়েছে। ফলত প্রভাসের পরিবারকে ফ্যাক্টর করতে চাইছে বিজেপি।
শোনা যাচ্ছে, প্রভাসের পরিবারও নাকি পদ্ম শিবিরের আমন্ত্রণে সাড়া দিয়েছে।
প্রভাস নিজে রাজনীতিতে আসতে চাইছেন না। সেই কারণে তার ভাইকে সামনে রেখে এগিয়ে যেতে চাইছে পদ্ম শিবির। এতে নাকি সায় রয়েছে 'রাধে শ্যাম' খ্যাত অভিনেতার। শোনা যাচ্ছে, কৃষ্ণম রাজুর প্রয়াণের পর তার আসন (নরসাপূরম) থেকে বিজেপির হয়ে লড়াই করবেন প্রবোধ। এই আসনে ক্ষত্রিয়দের সংখ্যাই বেশি। প্রভাসের পরিবারও ওই সম্প্রদায়ভুক্ত। ফলে পদ্ম শিবিরের পালে হাওয়া যাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
প্রভাস সম্পর্কিত আরো একটি বিষয় নিয়ে জোর জল্পনা চলছে সোশাল মিডিয়ায়। শোনা যাচ্ছে, বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে জমিয়ে প্রেম করছেন অভিনেতা। 'আদিপুরুষ' ছবির সেটেই দুই অভিনেতার মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে বলে জানা গেছে।
প্রভাস এবং কৃতি দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবনের কথা গোপন রাখতে পছন্দ করেন। সম্প্রতি কফি উইথ করণে এসে কৃতি লাভলাইফ নিয়ে মুখ খোলায় চমকে যান অনেকেই। কৃতি শ্যানন কিন্তু নিজের ব্যক্তিগত জীবনকে সেভাবে ফোরফ্রন্টে আনেননি কখনো। তবে করণ জোহরের শোতে এসে অল্প স্বল্প প্রেমের গল্পগুলো বলেছেন কৃতিও। সে সময় শোনা যাচ্ছিল, কৃতি ডেট করছেন কার্তিক আরিয়ানকে। কিন্তু, কৃতি বা কার্তিক কখনোই বিষয়টি স্বীকার করেননি। বেশির ভাগ সময়েই ব্যাপারটি এড়িয়ে গিয়েছেন তারা। তবে এবার শোনা যাচ্ছে, 'কাহানি মে টুইস্ট হ্যায়'। সূত্র : পিঙ্কভিলা