রণবীর কাপুর ও আলিয়া ভাটের 'ব্রহ্মাস্ত্র' যে বক্স অফিসে ঝড় তুলেছে এটা নতুন কথা নয়। ঠিক তেমনই লোকের মুখে মুখে ফিরছে মোহন ভার্গবের কথাও। হ্যাঁ, শাহরুখ খান অভিনীত চরিত্রটিতে মজেছেন অনুরাগীরা। অনেকেই বলছেন, ছবির শুরুতে স্বল্প উপস্থিতিতে বাজিমাত করেছেন বাজিগর। এবার নেট দুনিয়া মজল শাহরুখের স্টান্ট ডাবলের ছবিতে।
হাসিত সাভানি নামের ওই তরুণ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শাহরুখের সঙ্গে 'ব্রহ্মাস্ত্রে'র সেটে তোলা তার একটি ছবি। ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি। ছবিটি শেয়ার করে হাসিত লিখেছেন, কিংবদন্তির স্টান্ট ডাবল হওয়াটা সত্যিই আনন্দের। 'ব্রহ্মাস্ত্রে'র সেটে অতিথি শিল্পী শাহরুখ খানের সঙ্গে।
এদিকে আগামী বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে শাহরুখের 'পাঠান'। ২৫ জানুয়ারি রুপালি পর্দায় ফের দেখা যাবে তাকে। শুধু তাই নয়, ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা 'জওয়ান' ছবিটিরও।
শাহরুখ অনুরাগীরা এখন থেকেই দিন গুনছেন প্রিয় নায়ককে পর্দায় দেখতে। তার আগে 'ব্রহ্মাস্ত্রে'র এই চকিত উপস্থিতিতে চমকে দিলেন শাহরুখ।
সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া