বরগুনা-বাকেরগঞ্জ সড়কে ঢাকা-বরগুনা রুটের যাত্রীবাহী বাস চলাচলে বাধা দেওয়ায় সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন পরিচালনা কমিটি।
রবিবার(১৮ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা জেলা পরিবহন পরিচালনা কমিটির এক সভায় দূরপাল্লার পরিবহনের বরগুনার কাউন্টার ইনর্চাজরা এ সিদ্ধান্ত নেন। অনির্দিষ্টকালের ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা পরিবহ পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক একে আজাদ বাবলু ও পরিবহন কাউন্টার পরিচালক পিলু ঘোষ।
জানা যায়, প্রায় দুই মাস ধরে বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটের যাত্রীবাহী বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। ফলে বাসগুলো পটুয়াখালীর সুবিদখালী ও আমতলী ফেরি পার হয়ে চলাচল করছে। এতে নির্ধারিত সময়ের চেয়ে তিন-চার ঘণ্টা বেশি বাসে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এতে পদ্মা সেতুর সুফল কাজে লাগাতে পারছে না বরগুনা সদর, তালতলী উপজেলার সড়ক পথের যাত্রীরা।
বরগুনা থেকে দূরপাল্লার পরিবহনের স্থানীয় কাউন্টার ইনচার্জ সূত্রে জানা গেছে, গত ২০ বছর ধরে এ সড়ক দিয়ে সব যানবাহন চলাচল করে আসছে। বরগুনা থেকে ফেরি ছাড়া ঢাকার সঙ্গে যোগাযোগের একমাত্র সহজ মাধ্যম এই সড়ক। এই সড়কে দূরপাল্লার পরিবহন চলাচলের জন্য বিআরটিএর অনুমতি না থাকায় বরিশালের রূপাতলী বাসমালিক সমিতির নেতারা এ সড়কে দূরপাল্লার পরিবহন চলাচলে বাধা দিচ্ছেন এবং আমাদের শ্রমিকদের নির্যাতন করছেন। দীর্ঘ বছর ধরে এ পথে যানবাহন চলাচল করলেও স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে বরিশালের বাস মালিক সমিতির নেতারা বাকেরগঞ্জ থেকে বরগুনা-ঢাকা পরিবহন চলাচলে বাধা দিচ্ছেন।
পরিবহন শ্রমিকরা জানান, বরগুনা জেলা সড়কের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য বরিশালের রূপাতলী বাসমালিক সমিতির নেতারা এ পথে দূরপাল্লার পরিবহন চলাচলে বাধা দিয়ে আসছে। এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বরগুনা থেকে দূরপাল্লার সব পরিবহন অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ থাকবে।
শ্যামলী পরিবহনের বরগুনা কাউন্টার ইনচার্জ পীলু ঘোষ বলেন, বরিশালের রূপাতলী বাসমালিক সমিতির নেতারা বাকেরগঞ্জ - বরগুনা সড়কে বরগুনা দূরপাল্লার পরিবহন চলাচলে বাধা দিচ্ছেন এবং আমাদের শ্রমিকদের নির্যাতন করছেন। দীর্ঘ বছর ধরে এই পথে যানবাহন চলাচল করলেও পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকেই বরিশালের বাস মালিক সমিতির নেতারা এই পথে ঢাকা - বরগুনার চলাচলকারী পরিবহন চলাচলে বাধা দিচ্ছেন। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।
সোনারতলী পরিবহনের বরগুনার কাউন্টার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, বাকেরগঞ্জ এলাকা থেকে বরগুনা দূরপাল্লার পরিবহন চলাচলে বাধা দেওয়ার কারণে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।
বরগুনা পরিবহন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রোকন বলেন, সম্প্রতি বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে বরিশালের রূপাতলী বাস মালিক সমিতির মালিক ও শ্রমিকরা। ফলে বাসগুলো পটুয়াখালীর মির্জাগঞ্জ এবং বরগুনা জেলার আমতলী ফেরি পার হয়ে বরগুনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরগুনা যাওয়া-আসা করছে। এতে ১০ ঘণ্টা সময় লাগছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছে ঢাকামুখী যাত্রীরা। পাশাপাশি পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছে এ রুটের যাত্রীরা। যাত্রী ভোগান্তি ও বরিশাল বাস মালিক সমিতির স্বেচ্ছাচারিতার কারণে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি।