রাজধানীসহ সারা দেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে দলটি। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার গাজীপুর, বরিশাল, পটুয়াখালী, ঝিনাইদহ, টাঙ্গাইল, দিনাজপুরের হাকিমপুর ও পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
গাজীপুর : গতকাল বিকেলে গাজীপুর মহানগর এবং সকালে গাজীপুর জেলা বিএনপি রাজবাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। মহানগর বিএনপির সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সামাদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম।
বরিশাল : বেলা ১১টার দিকে সদর রোডের জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বরিশাল উত্তর জেলা বিএনপি। উত্তর জেলার আহ্বায়ক মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহর সভাপতিত্বে ও আসাদুজ্জামান মুক্তার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, সদস্য আবদুস সাত্তার খান, আবদুল গাফফার তালুকদার, জহির সাজ্জাদ হান্নান শরীফ, মঞ্জুরুল হাসান মিলন, কবীর আফসারি প্রমুখ।
পটুয়াখালী : সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের বনানী এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে পটুয়াখালী জেলা ও সদর উপজেলা বিএনপি। এসময় বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, সদস্য মজিবুর রহমান টোটন, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব প্রমুখ। পরে বনানী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার মোড়ে গিয়ে শেষ হয়।
ঝিনাইদহ : সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ হয়।
টাঙ্গাইল : সকালে শহরের শান্তিকুঞ্জ মোড়ে প্রতিবাদ সমাবেশ করে টাঙ্গাইল জেলা বিএনপি। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হাসানুজ্জামিল শাহীন, অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আজগর আলী, শহর বিএনপির আহ্বায়ক মেহেদী হাসান আলীম প্রমুখ।
হাকিমপুর (দিনাজপুর) : বিকেলে দিনাজপুরের হাকিমপুরের হিলি বাজারে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন আকরাম হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান পারুল নাহার প্রমুখ।
ভান্ডারিয়া (পিরোজপুর) : বিকেল ৫টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান দিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।