শ ম রেজাউল বললেন

প্রাণিসম্পদ খাতে বীমা সম্প্রসারণে স্বল্প সময়ে নীতিমালা

প্রাণিসম্পদ খাতে বীমা সম্প্রসারণে স্বল্প সময়ে নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে ‘প্রাণিসম্পদ খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তির ভূমিকা : আমাদের অবস্থান ও করণীয়’ শীর্ষক সেমিনারের এক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আদর্শ প্রাণিসেবা লিমিটেড এ সেমিনারের আয়োজন করে।

মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতে বীমা সম্প্রসারণে একটি যৌথ কার্যকরী কমিটি গঠন করা দরকার। প্রাণিবীমার জন্য নীতিমালা কীভাবে করা যায়, এক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা আছে, কী সুযোগ আছে এটা আগে নির্ধারণ করতে হবে। প্রাণিসম্পদ খাতে বীমা প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য আমাদের সম্মিলিত উদ্যোগ দরকার।

সেমিনারের এ অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, প্রাণিসম্পদ খাত কর্মসংস্থানের বড় উৎস। এ খাত বাণিজ্যিক খাতে পরিণত হয়েছে। এ খাতে ৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অত্যন্ত উৎসাহব্যঞ্জক। বীমা থাকলে সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা যায়।