'ছাত্রদল নেতাকে না পেয়ে বাবা-মায়ের ওপর হামলা চরম নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ'

হামলা-মামলা করে বিএনপিকে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন,  দেশজুড়ে তারা চরম নৈরাজ্য সৃষ্টি করে মানুষকে ভয় পাইয়ে দিতে চায়।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরায় নস্ট্রাম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেক্টরে আওয়ামী লীগের হামলায় আহত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি মাসুদের বাবা মাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

ছাত্রদল নেতা মাসুদকে না পেয়ে তার পরিবারের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি মাসুদুর রহমান মাসুদকে না পেয়ে তার পরিবারের ওপর গতকাল  ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে যেভাবে বাড়ি ঘরে হামলা করা হয়েছে লুটপাট করা হয়েছে সেটি সরকারের চরম নৃশংসতার বহিঃপ্রকাশ। এই ঘটনা সকল নিষ্ঠুরতা ও মানবিকতাকে হার মানিয়েছে। দেশজুড়ে তারা চরম নৈরাজ্য সৃষ্টি করে মানুষকে ভয় পাইয়ে দিতে চায়। কিন্তু দুঃশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে।কিন্তু জুলুম নির্যাতন করে তাদের শেষ রক্ষা হবে না

রিজভী সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখন থেকে যেখানেই হামলা হবে সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই সরকারের দুঃশাসন থেকে  মুক্তি পেতে জনগণ আজ ঐক্যবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফ আহমেদ টুটুল চেয়ারম্যান সহ-ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।